আইন আদালত

ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:২৬ পিএম

ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
ছবি: সংগৃহীত

ব্যভিচার, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, তালাক ছাড়াই বিয়ে এবং মানহানির অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।

এর আগে বেলা ১১টা ৪৭ মিনিটের দিকে তামিমার হাত ধরে আদালতের এজলাসে হাজির হন নাসির। এ সময় আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

মামলার নথি অনুযায়ী, গত ১৬ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এর আগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি পেশায় কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি ও ক্রিকেটার নাসির হোসাইনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি রাকিব হাসানের নজরে আসার পর তিনি বিস্তারিত জানতে পারেন।

বাদীর অভিযোগ, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায়ই তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। এছাড়া নাসির তাকে প্রলুব্ধ করে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, এই সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী কন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং এতে তার মানহানি হয়েছে, যা অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়।

তবে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালত নাসির ও তামিমাকে খালাস প্রদান করেছেন।