আইন আদালত

সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৫০ এএম

সম্পদের হিসাব না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড
ছবিঃ সংগৃহীত

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন।

দুদকের প্রসিকিউটর আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন ধার্য করেন। রায় ঘোষণার দিন এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, এস কে সুরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগের পর দুদক তাকে নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের নোটিশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই সম্পদ বিবরণী জমা দেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় সাতজন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।