জাতীয়
এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের দাবিতে আন্দোলনকারী ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী সংস্থাটির চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) তারা চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন বলে এনবিআর সূত্র জানিয়েছে। বিশেষ করে ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৮ ও ৪০তম ব্যাচের কর্মকর্তারা—চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ক্ষমা প্রার্থনা করেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, “চেয়ারম্যান হিসেবে আমি ব্যক্তি পর্যায়ে সবাইকে ক্ষমা করে দিয়েছি। তবে আন্দোলনের কারণে রাষ্ট্রযন্ত্রের যে ক্ষতি হয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।”
এর আগে, আন্দোলনের জেরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে, যাদের বেশিরভাগই আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে জানা গেছে।
এছাড়া, আন্দোলন-পরবর্তী সময়ে তিনজন সদস্য এবং একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয় কাজ বন্ধ রাখার অভিযোগে। ফলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শনে গিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ভয় পাওয়ার কিছু নেই। তবে যারা বড় ধরনের অনিয়মে জড়িত ছিলেন, তাদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে।”
তিনি আরও জানান, “যে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলনে অনেকেই ছিলেন, কিন্তু সবার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি।”