জাতীয়
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত গ্রেপ্তার
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবির যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলার ভিত্তিতে ডিবির একটি দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারের পর ড. বারকাতকে শুক্রবার (১১ জুলাই) দুদকের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ডিবি কর্মকর্তা।
এর আগে, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাননটেক্স গ্রুপকে ঋণ দেওয়ার নামে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ড. আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর ড. আবুল বারকাতকে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।