জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১০:২৪ এএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গৌরবময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুক্রবার (১৮ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে এই আয়োজন শুরু হয়।

ম্যারাথনে বিভিন্ন বয়সের দৌড়বিদদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ (সজীব ভূঁইয়া)। তার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল আন্দোলনের স্মৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজনে অংশ নেওয়া ছিল গর্বের।”

এই প্রতীকী ম্যারাথনে অংশ নেওয়া তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা এমন আয়োজনকে সময়োপযোগী এবং অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন, পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের আহ্বান জানান।

শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই ম্যারাথন কর্মসূচির মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মাঝে একটি ঐতিহাসিক আন্দোলনের গুরুত্ব নতুনভাবে তুলে ধরতে পেরেছে আয়োজকরা।

উল্লেখ্য, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগ সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।