জাতীয়
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সরকার। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার সারাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া, নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র। আহতদের মধ্যে অনেকেই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী।
আহতদের দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সিএমএইচ, উত্তরা আধুনিক হাসপাতাল, লুবানা ও কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর দগ্ধ কয়েকজনকে হেলিকপ্টারে করে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
বিধ্বস্তের পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় যোগ দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজের অংশ হিসেবে ২ প্লাটুন বিজিবি এবং নৌবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
মাইলস্টোন কলেজের শিক্ষক মিজানুর রহমান বলেন, “ছুটির সময় শিক্ষার্থীরা নিচে নামছিল। হঠাৎ বিকট শব্দে কাঁপে পুরো ভবন। এরপর দেখি বিমানটি ভবনের একাংশে ঢুকে পড়েছে এবং আগুন ধরে গেছে। সবাই আতঙ্কে ছোটাছুটি শুরু করে।”
দুর্ঘটনার সময় স্কুল ভবনে চলছিল প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস। ফলে আহতদের বেশিরভাগই অল্পবয়সী শিক্ষার্থী।