জাতীয়

“প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান” মাইলস্টোনে বিধ্বস্ত বিমান নিয়ে জানাল আইএসপিআর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০১:১০ পিএম

“প্রশিক্ষণ নয়, ছিল যুদ্ধবিমান” মাইলস্টোনে বিধ্বস্ত বিমান নিয়ে জানাল আইএসপিআর
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হওয়া বিমানটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিবৃতিতে সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট বিমানটি প্রশিক্ষণ বিমান নয়, বরং এটি একটি যুদ্ধবিমান ছিল, যা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল।

আইএসপিআরের ভাষায়, “মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদমাধ্যমে বিমানটিকে ‘প্রশিক্ষণ বিমান’ বলা হয়েছে। আমরা আবারও স্পষ্ট করতে চাই, এটি ছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উপযোগী একটি যুদ্ধবিমান। যদিও তা প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল, তথাপি এর প্রকৃতি ও গঠন যুদ্ধবিমানের।”

দুর্ঘটনার বিষয়ে আরও জানানো হয়, গতকাল সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমান ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। ঘটনার পরপরই সেখানে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সরকারি তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী, একজন পাইলট এবং একজন শিক্ষিকা রয়েছেন। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও অন্তত ৭৮ জন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এ দুর্ঘটনাকে ঘিরে গোটা দেশজুড়ে চরম শোক, ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ইতোমধ্যে বিমান নিরাপত্তা, পুরনো যুদ্ধবিমান ব্যবহার, এবং জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ মহল।

আইএসপিআর তাদের বিবৃতিতে আরও উল্লেখ করে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।