জাতীয়

প্রত্যাহার হওয়া সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম

প্রত্যাহার হওয়া সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
সিদ্দিক জোবায়ের। ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। বুধবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের দাবির মুখে তাকে সচিবের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এ বিষয়ে এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সিদ্দিক জোবায়েরকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, “সরকারের ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

তবে নতুন সচিব কে হবেন—সেই প্রশ্নে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। সন্ধ্যা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিবের নাম ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, সিদ্দিক জোবায়ের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মধ্যে তাঁর কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন—যেখানে তাঁর ভবিষ্যৎ দায়িত্ব নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।