জাতীয়

মাইলস্টোন ট্রাজেডি: চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৩


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম

মাইলস্টোন ট্রাজেডি: চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৩
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা আরও বেড়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহতাব নামের এক শিশু, যিনি মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

আইএসপিআরের সর্বশেষ তথ্যমতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৩২ জন, আর আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে মৃতের সংখ্যা ২৯ বলে জানানো হয়েছে, যা তথ্য বিশ্লেষণে বিভ্রান্তি তৈরি করছে।

এদিকে বিভিন্ন হাসপাতালে এখনো ৫৬ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে এখনো ৬ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, যাতে স্বজনদের সঙ্গে মিলিয়ে তাদের সঠিকভাবে শনাক্ত করা যায়।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে।