জাতীয়
অ্যাসাইকুডার পরিবর্তে আধুনিক সফটওয়্যার আনা হবে: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের পরিবর্তে আরও আধুনিক ও দ্রুতগতির সফটওয়্যার আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় ব্যবসায়ীদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, “অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারের জটিলতা ও ধীরগতির কারণে এর ব্র্যান্ড ভ্যালু কমে গেছে। তাই আমরা বিশ্বব্যাপী ব্যবহৃত অন্যান্য আধুনিক শুল্ক সফটওয়্যারগুলো পর্যালোচনা করে সবচেয়ে উন্নত প্রযুক্তি নির্ভর একটি নতুন সফটওয়্যার তৈরি করবো, যা আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়ন হবে।” তিনি আরও বলেন, “নতুন সফটওয়্যার হবে দ্রুত, নির্ভরযোগ্য এবং কাজের ব্যাঘাতমুক্ত।”
তিনি জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের বর্তমান ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে এবং ভবন নির্মাণকালীন সময়ে কাস্টম কার্যক্রম সাময়িকভাবে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পরিচালিত হবে। একই সঙ্গে কাস্টম একাডেমি ও কর ভবনের জন্যও নতুন অবকাঠামো নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।
এছাড়া চট্টগ্রামে একটি আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো)-ভিত্তিক নতুন কাস্টম হাউস গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “আইসিডি কাস্টম হাউস চট্টগ্রাম” নামক এই নতুন দপ্তরের গঠনের আদেশ আগস্ট মাসের মধ্যে দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চায়, বন্দর থেকে শতভাগ ডেলিভারি কার্যক্রম আইসিডি থেকে পরিচালিত হোক। এজন্য আইসিডি ব্যবস্থাকে জনপ্রিয় করে তুলতে হবে।”
সভায় সিঅ্যান্ডএফ এজেন্টরা বন্দরে পণ্য খালাস সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সময়ক্ষেপণ, জটিলতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা। এনবিআর চেয়ারম্যান তাদের আশ্বস্ত করে বলেন, “পণ্য খালাসে যেন ব্যবসায়ীরা হয়রানির শিকার না হন, সেজন্য কাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার চলমান রয়েছে।”
সভায় এনবিআর সদস্য মোয়াজ্জম হোসেন, কাজী মোস্তাফিজুর রহমান, মুবিনুল কবির, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার শফি উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।