জাতীয়
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান।
এর আগে প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। সেখানে পৌঁছে ড. ইউনূস ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের ব্যাপারে খোঁজ-খবর নেন।
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, শনিবার সকালেই মারা গেছেন আরও দুইজন— মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩)। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্কুলের শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২) কে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৩৬ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক। আরও ৯ জন রয়েছেন সিবিআর ক্যাটাগরিতে— অর্থাৎ যারা গুরুতর তবে স্থিতিশীল। বাকিরা অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন।
পরিচালক জানান, আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনাটিতে ৩৫ জনের প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই শিশু। নিহতদের মধ্যে যুদ্ধবিমানের পাইলট, দুই শিক্ষক, দুই অভিভাবক ও এক অফিস সহায়কও রয়েছেন।