জাতীয়

পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে তিন দিনের বৈঠক শুরু আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ এএম

পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে তিন দিনের বৈঠক শুরু আজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে ওয়াশিংটনে আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা। এ লক্ষ্যে সোমবার (২৮ জুলাই) রাতে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

বৈঠকটি চলবে ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত, যেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রতিনিধিরা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। সরকারি প্রতিনিধিদের পাশাপাশি, বাংলাদেশের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলও যুক্তরাষ্ট্রে অবস্থান করবে, যারা বিভিন্ন বেসরকারি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক এবং সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে পারে।

এর আগে, দুই দফা আলোচনা হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক কমানোর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তবে বাংলাদেশের পুনরায় অনুরোধে এবার তৃতীয় দফা বৈঠকে রাজি হয় যুক্তরাষ্ট্র।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "আমরা আশাবাদী, যুক্তরাষ্ট্র এবার পাল্টা শুল্ক কমাবে। আমরা যেসব সুবিধা দিতে যাচ্ছি, তা তাদের বিবেচনায় নেওয়া উচিত।" তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য গড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে প্রবেশ করছে, কিন্তু আগামী ১ আগস্ট থেকে সেটি বেড়ে ৩৫ শতাংশে পৌঁছানোর কথা রয়েছে, যা দেশের রপ্তানিখাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে।

বিশ্লেষকদের মতে, পাল্টা শুল্ক কমানোর আলোচনা সফল না হলে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, যা অর্থনীতিতে চাপে ফেলতে পারে। তাই এই বৈঠকটিকে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।