জাতীয়

নির্বাচনের আগ পর্যন্ত দেশজুড়ে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০২:২৭ পিএম

নির্বাচনের আগ পর্যন্ত দেশজুড়ে অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত দেশে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, "আমাদের অনেক অস্ত্র হারিয়ে গেছে, সেগুলো উদ্ধার করতে হবে। এজন্যই নির্বাচন পর্যন্ত অভিযান চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করা হবে।"

৫ আগস্ট ঘিরে জনমনে আতঙ্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "৩ আগস্ট নিয়েও অনেকে দুশ্চিন্তায় ছিলেন। আল্লাহর রহমতে কিছুই হয়নি। মানুষ স্বস্তিতে আছে। সরকারের নেওয়া ব্যবস্থা কাজে দিয়েছে।"

তিনি আরও বলেন, "যখন বর্তমান সরকার দায়িত্ব নেয়, তখনকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ ছিল। এখন অনেক উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছায়নি।"

সতর্ক অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "সতর্কতা তো সবসময়ই থাকে। এখনো আমরা সতর্ক আছি। আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।"