জাতীয়
জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন: সিইসি নাসির উদ্দিন
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আমাদের সামনে চ্যালেঞ্জ থাকবেই। তবে সে চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন পর্যন্ত প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে সময়সূচি ঘোষণা করেছেন, তার আলোকে ইসি আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে।
এর আগে মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে তিনি চিঠি দিয়ে অনুরোধ জানাবেন।
ড. ইউনূস বলেন, “আসন্ন রমজানের আগেই যেন নির্বাচন সম্পন্ন হয়—সে লক্ষ্যেই নির্বাচন কমিশনকে প্রস্তুতির জন্য বলা হবে।” তিনি আরও জানান, “প্রয়োজনীয় মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আগামীকাল থেকেই শুরু করব।”
এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আমি একটি বিষয় স্পষ্ট করতে চাই—এই নির্বাচনে আমরা চাই প্রবাসী ভোটাররাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”
নির্বাচনের স্বচ্ছতা ও সার্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ইসি ও অন্তর্বর্তী সরকার যে আন্তরিকভাবে প্রস্তুতি নিচ্ছে, তা এই বক্তব্য ও পদক্ষেপ থেকেই স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।