জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আজ বুধবার ৬ আগস্ট সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।  

সাক্ষাৎকালে উভয়পক্ষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন। আলোচনায় দুই দেশের মধ্যকার বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর পেশাদারিত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর অবদানের জন্য ধন্যবাদ জানান।

অন্যদিকে, সেনাবাহিনী প্রধান সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এই প্রবাসীরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

 

দ্বিপাক্ষিক এই সাক্ষাৎ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক ও অর্থনৈতিক খাতের সহযোগিতা আরও দৃঢ় করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।