জাতীয়

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:২৩ পিএম

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ড. ইউনূস। সফরের শুরু হয়েছিল গত সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে। ওই দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সফরের শুরুতেই মালয়েশিয়ার পক্ষ থেকে ড. ইউনূসকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা। গান স্যালুট ও গার্ড অব অনারে অভ্যর্থনা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন।

সফরকালে ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও অংশ নেন একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে। সফরের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ চুক্তি ও সহযোগিতার ঘোষণা। উভয় দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়।

এসব চুক্তির আওতায় প্রতিরক্ষা, জ্বালানি (এলএনজি ও পেট্রোলিয়াম), অবকাঠামো নির্মাণ, গবেষণা ও প্রযুক্তি, এবং বাণিজ্য খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অংশীদার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS), মালয়েশিয়ার ISIS, বিএমসিসিআই, প্রযুক্তি প্রতিষ্ঠান মিমোস, এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।

সফরের শেষ দিনে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।