জাতীয়

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৩:০৩ পিএম

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ইসহাক দার
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি আশা প্রকাশ করেছেন, এ সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

রোববার (২৪ আগস্ট) রাতে ঢাকা ছাড়ার আগে এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় ইসহাক দার বলেন, “এই সফর আমাদের দুই দেশের সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়বে।”

সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল—উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক সম্পর্ক, জনগণের পারস্পরিক যোগাযোগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হয়, বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর পুনরুজ্জীবন প্রসঙ্গে উভয় পক্ষ গুরুত্ব আরোপ করেন।

ইসহাক দার বলেন, “এই সফরের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি নতুন গতিশীলতা তৈরি হবে। ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময় ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি।”

তিন দিনের সফর শেষে রবিবার দিবাগত রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করেন।