জাতীয়
শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ ক্ষমা চাইবে: উপদেষ্টা ফাওজুল কবির
আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশের প্রতিনিধি প্রকাশ্যে ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রেলভবনে প্রকৌশল শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ফাওজুল কবির বলেন, “সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত। শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এর জন্য পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবেন।”
তিনি আরও জানান, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই এবং সুপারিশ প্রণয়নের জন্য সরকারের গঠিত সাত সদস্যের কমিটির মধ্যে বাকি পাঁচ সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন না। আগামীকাল পূর্ণাঙ্গ কমিটি শিক্ষার্থীদের পাশাপাশি অংশীজন শিক্ষক ও অন্যান্য প্রকৌশলীদের নিয়ে আবারও বৈঠকে বসবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারের এ বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হলেও আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে বলে আশ্বাস দেন উপদেষ্টা।