জাতীয়

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে রোববার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিদের সঙ্গে আগামী রোববার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, সরকার ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি আরও বলেন, "নির্বাচন পেছানোর জন্য কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি পরিবর্তনযোগ্য নয়।"

এছাড়া, নুরুল হক নূরের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাঁকে বিদেশে পাঠানো হবে।”

প্রেস সচিব আরো জানান, গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, "এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।" হামলার ঘটনার পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।