জাতীয়

এবারের নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

এবারের নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনা, নৌ ও বিমান সশস্ত্র বাহিনীর তিন শাখাকে নিয়োজিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে এ বাহিনীগুলোকে প্রশিক্ষণের আওতায় আনা হবে, যা শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর, রাজারবাগ কনভেনশন সেন্টারে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সিলেট সফরকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তায় আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন করে নারী ও পুরুষ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।

নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিনি জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

বিশ্ববিদ্যালয়গুলোর চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি জানান, “সবখানে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন পড়ে না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা হলেন প্রকৃত অভিভাবক—যাদের কথা ছাত্ররা মানে। এমন অনেক ইস্যু শিক্ষকরাই আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন।”

সম্প্রতি খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের বিষয়টি নিয়ে তিনি বলেন, “অস্ত্র যেন ঝনঝন না করে—সেই লক্ষ্যেই উদ্ধার অভিযান চলছে। চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনার পেছনে কারও প্ররোচনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

সাদাপাথর লুট ও দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “এটি মূলত খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তদন্তসাপেক্ষ বিষয়। দুদক যদি প্রতিবেদন দেয় এবং তা সত্য হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ মিথ্যা হলে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছাড় পাবেন না।”

এর আগে, তিনি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তর এবং সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। দিন শেষে তিনি সিলেট ক্যান্টনমেন্ট ঘুরে সন্ধ্যায় ঢাকা ফিরে যান।