জাতীয়

আজ সাত দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম

আজ সাত দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ আরও সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার দেশের তিনটি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি স্পষ্ট করে জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নির্বাচনের কোনো বিকল্প চিন্তা করা জাতির জন্য গভীরভাবে বিপজ্জনক। আমি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছি, সে সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিও একই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ড. ইউনূস।

এছাড়া আসন্ন দুর্গাপূজা ঘিরে যাতে কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

জাতীয় পার্টি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন।”