জাতীয়
৭৫ কোটি টাকার কর ফাঁকি, এস আলমের দুই ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
৭৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের দুই ছেলে ও একাধিক ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম এসেছে সাইফুল আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের। এছাড়াও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত রয়েছেন কর বিভাগের সাবেক উপ-কর কমিশনার আমিনুল ইসলাম এবং সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তা।
ব্যাংক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন, শাখা প্রধান মুহাম্মদ আমির হোসেন, প্রাক্তন এসএভিপি মো. আহসানুল হক ও রুহুল আবেদীন, কর্মকর্তা শামীমা আক্তার, মো. আনিস উদ্দিন এবং গাজী মুহাম্মদ ইয়াকুব।
দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া কাগজপত্র তৈরি করে তা ব্যবহার করেছেন। অভিযোগ অনুযায়ী, ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করার জন্য তাদের ১২৫ কোটি টাকা কর দেওয়ার কথা থাকলেও, পরিশোধ করেছেন মাত্র ৫০ কোটি টাকা। ফলে রাষ্ট্রের প্রায় ৭৫ কোটি টাকার রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ও ৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের অক্টোবরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তদন্তে নামে এবং সাইফুল আলমের দুই ছেলের আয়কর নথিতে অসঙ্গতি ও অযৌক্তিক ছাড় দেওয়ার অভিযোগে কর বিভাগের তিন সিনিয়র কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকেই বিষয়টি খতিয়ে দেখছিল দুদক।