জাতীয়

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এরইমধ্যে শেষ পর্যায়ে রয়েছে।

পিএসসির এক জনসংযোগ কর্মকর্তা জানান, ‘পিএসসি প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’

তিনি আরও জানান, ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডারে নিয়োগ দেওয়া হবে মোট দুই হাজার ৩০৯ জনকে। নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে আরও এক হাজার ২২ জনকে। ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে চিকিৎসা ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ৪৩৭ জনকে। এরপর প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। তাদের মধ্যে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন যারা, তাদের সবার দৃষ্টি এখন ১০ ডিসেম্বরের দিকে। সেদিনই নির্ধারিত হবে কারা পাবেন কাঙ্ক্ষিত বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ।