জাতীয়

ডিসেম্বরেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

ডিসেম্বরেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর ডিসেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ে দপ্তরে বসে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তবে তারা জানিয়েছে, ডিসেম্বরেই কেন্দ্রটি চালু করা সম্ভব হবে।”

উপদেষ্টা জানান, বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইতোমধ্যে পৌঁছে গেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর একটি দল কেন্দ্রটি পরিদর্শন করে কিছু সুপারিশ দিয়েছে। বাংলাদেশ সরকার সেই সুপারিশ বাস্তবায়নের কাজ করছে। তিনি বলেন, “আইএইএ আবার এসে ফাইনাল সম্মতি দেবে। এরপরই কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।”

ড. সালেহউদ্দিন আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। দাম নির্ধারণের প্রক্রিয়া চলছে।

দেশের জ্বালানি খাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের প্রস্তুতি ও অবকাঠামোগত কাজ শেষে ডিসেম্বরেই এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে একটি নতুন শক্তির উৎস।