জাতীয়

অশ্লীল স্লোগান দেওয়া সেই ফারিয়ার পক্ষে লড়তে চান ফজলুর রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম

অশ্লীল স্লোগান দেওয়া সেই ফারিয়ার পক্ষে লড়তে চান ফজলুর রহমান
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ফারিয়া আক্তার তমার পক্ষে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন বিএনপির পদ স্থগিত হওয়া নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “যে মেয়ে আমার বাসার সামনে ‘ফজু পাগলা গ্রেপ্তার না হলে যাব না’ বলে স্লোগান দিয়েছিল, এখন সেই মেয়ে চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে। আমি তাকে ছাড়াতে চাই। কোর্টে দাঁড়িয়ে আমি তার পক্ষে লড়ব।”

ফজলুর রহমান আরও বলেন, “আমি এগুলোকেই (এমন তরুণদের) আমার সন্তান মনে করি। এদের অনেকেই পথভ্রষ্ট। জামায়াত-বিএনপির ভেতরের কিছু চক্র এদের বিপথে চালিত করছে। আমি চাই এদের সঠিক পথে ফেরাতে। দেশের জন্য আমি লড়েছি, এখন মানুষের জন্য লড়াই করছি।”

সাক্ষাৎকারে তিনি বর্তমান রাজনীতি ও সমাজব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, তা এখনো বাস্তব হয়নি। দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।”

তিনি আরও যোগ করেন, “আজ বলা হয় ১৯৭১ সালের যুদ্ধ নাকি ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল! এ ধরনের কথার চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর হতে পারে না।”

তুলনামূলকভাবে তিনি বলেন, “যেভাবে কারবালার ইতিহাস ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধবিরোধীরাও এই দেশের ইতিহাস মুছে ফেলতে পারবে না। মিরজাফরের নাম যেমন আজও ঘৃণাভরে উচ্চারিত হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসও চিরস্মরণীয় থাকবে।”

গত ২৫ আগস্ট ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয় একটি দল, যারা জুলাইয়ের গণ-অভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্যের জন্য তার গ্রেপ্তার দাবি করে। সেখানেই ফারিয়া আক্তারকে ‘অশ্লীল’ স্লোগান দিতে দেখা যায়, যার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সম্প্রতি, ফারিয়াকে সমন্বয়কের পরিচয়ে উত্তরার এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আলোচনায় ফের উঠে এসেছেন ফজলুর রহমান, তবে এবার ভিন্ন ভূমিকায়।