জাতীয়
ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ
বিশ্বসংস্কৃতি, শিক্ষা ও বিজ্ঞান সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ অক্টোবর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদ অর্জন করে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, “বাংলাদেশ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। জাপানকে হারিয়ে এই সম্মান অর্জন আমাদের সাংস্কৃতিক কূটনীতির এক ঐতিহাসিক সাফল্য।”
জানা গেছে, নির্বাচনের শুরুর দিকে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে পরবর্তীতে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ফলে শেষপর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও জাপানের মধ্যে।
আগামী ৩০ অক্টোবর উজবেকিস্তানের ঐতিহাসিক সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে শুরু হবে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ৪৩তম অধিবেশন। সম্মেলন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
বিশ্লেষকরা বলছেন, এই বিজয় কেবল কূটনৈতিক নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক নেতৃত্বের স্বীকৃতিও বহন করে। ইউনেস্কোর সাধারণ সম্মেলন শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ে বৈশ্বিক নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ মঞ্চ যার সভাপতিত্ব পাওয়া কোনো দেশের জন্যই বড় সম্মান।