জাতীয়
যতটা সম্ভব দিয়েছে সরকার, এখন শিক্ষকদের ক্লাসে ফেরা উচিত: শিক্ষা উপদেষ্টা
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ৫ শতাংশ নির্ধারণ করে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ভাতা সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারিত হয়েছে। সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও এটি সর্বোচ্চ প্রচেষ্টা বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
তিনি বলেন, “সরকার যতটুকু সাধ্য ছিল, ততটুকুই দিয়েছে। এখন শিক্ষকদের দায়িত্ব হলো রাজপথ ছেড়ে শ্রেণিকক্ষে ফিরে যাওয়া।”
রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক আবরার বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থে কাজ করেছে। দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় অর্থ মন্ত্রণালয়ও সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ সহযোগিতা করেছে। শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে এখন শিক্ষকদেরই এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “বেতন-ভাতা বৃদ্ধির এই পদক্ষেপ সরকারের সদিচ্ছার প্রতিফলন। শিক্ষকরা যদি শ্রেণিকক্ষে ফিরে যান, তাহলে ভবিষ্যতে আরও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।”
এদিকে, সরকারের প্রস্তাবিত ৫ শতাংশ বাড়িভাতা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা জানিয়েছেন, বাড়িভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, শিক্ষকদের আন্দোলন চলমান থাকায় দেশের বিভিন্ন স্থানে শ্রেণিকক্ষ কার্যত অচল হয়ে পড়েছে। সরকার বাড়িভাতার ঘোষণা দিলেও তা নিয়ে শিক্ষক সমাজে বিভক্ত মতামত দেখা যাচ্ছে।