জাতীয়
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তে যুক্ত হচ্ছে ৪ দেশের বিশেষজ্ঞ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা বা নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুরস্কের বিশেষজ্ঞদের তদন্তে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তারা মাঠপর্যায়ে তদন্ত করে আগুন লাগার কারণ ও দায় নির্ধারণ করবেন।”
তিনি আরও বলেন, “বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডটি প্রাথমিকভাবে একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।”
রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার্থে ই-গেট শিগগিরই চালু করা হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিজিবির সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে আনুমানিক ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। বর্তমানে সীমিত পরিসরে আমদানি পণ্য খালাসের কাজ চলছে।