জাতীয়
৭১ কোটি টাকা পাচার: রন-রিকসহ ১২ জনের নামে দুদকের চার্জশিট অনুমোদন
দুর্নীতি দমন কমিশন (দুদক) ৭১ কোটি ৫৩ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক ও তার ভাই, ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রিক হকসহ মোট ১২ জনের নামে পৃথক দুটি চার্জশিট অনুমোদন দিয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের এপ্রিল মাসে রন হক, রিক হক ও সিকদারের সাতজনের বিরুদ্ধে দুদক দুটি মামলা দায়ের করেছিল। মামলাগুলো মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী করা হয়। দুই মামলায় মোট ৭১ কোটি টাকার বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
২০২২ সালে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করতে আদালত দুদক, সিআইডি এবং বিএফআইইউকে নির্দেশ দিয়েছিল। মামলার অভিযোগপত্রে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আবদুল বারী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, চৌধুরী মোশতাক আহমেদ (রাসেল আহমেদ), সাবেক সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কুমার পাল, মোহাম্মদ রেজওয়ানুল হক, সাবেক ভাইস প্রেসিডেন্ট সুবীর চন্দ্র কর, সাবেক এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামসুল আলম, সাবেক ভাইস প্রেসিডেন্ট এ এন এম আহসান হাবিব এবং সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম খান আসামি হয়েছেন।
প্রথম মামলার চার্জশিটে রিক হক এবং দ্বিতীয় মামলায় রন হককে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, রন হক ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বিদেশে সাতটি ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করেন এবং দেশে ফিরে ওই ঋণ পরিশোধ করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে তিনি বিদেশে অর্থ পাচার করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা তাকে এই পাচারে সহযোগিতা করেছেন।
অন্যদিকে, রিক হকও একই সময়ে ২১ কোটি ৫৩ লাখ টাকা ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশে ব্যয় করেন এবং পরে দেশে ফিরে এই অর্থ পরিশোধ করেন। দুদকের মতে, এভাবেই তিনি অর্থ পাচার করেছেন।