জাতীয়
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্তই নিকেন না কেন, নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগে হবে। কোন শক্তিই এটিকে স্থগিত করতে পারবে না।”
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 'মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫' এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে শফিকুল আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত দিয়েছে, কিন্তু আমরা এটিকে কোনো হুমকি হিসেবে দেখছি না। যেটাই সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।”
শফিকুল আলম চব্বিশের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নিয়েছে। আজ নারীরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই এবং সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছে।”
উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোবিপ্রবিতে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় অডিটোরিয়ামের মঞ্চে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি সভাপতিত্ব করেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, এবং বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।