জাতীয়
চাচাকে বাবা সাজিয়ে চাকরি নেওয়া ইউএনও কামালকে ওএসডি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (৫ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, কামাল হোসেন নিজের জন্মদাতা বাবা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে বাবা-মাতা হিসেবে দেখিয়ে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান।
মুক্তিযোদ্ধা কোটার সুযোগ নিতে জালিয়াতির অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর দুদকের সম্মিলিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু একটি মামলা করেন।
কামাল হোসেনের প্রকৃত পিতা-মাতা নিশ্চিত করতে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয়। এক দিন পরই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে।