জাতীয়
শিক্ষক আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: গণশিক্ষা উপদেষ্টা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে সরাসরি দশম গ্রেডে উন্নীত করার কোনো যৌক্তিকতা নেই। তিনি সতর্ক করে বলেছেন, বিদ্যালয়ে পড়াশোনা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে তিন জেলা- খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট এর প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভার মূল আলোচনার বিষয় ছিল প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং শিক্ষক ও প্রশাসনের অংশগ্রহণ।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, “স্বাধীন দেশের নাগরিক হিসেবে শিক্ষকদের কথা বলার অধিকার আছে। তবে বেশিরভাগ শিক্ষকের মতে, একবারে ১৩ থেকে দশম গ্রেডে পদোন্নতি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের ইতিমধ্যেই দশম গ্রেডে উন্নীত করা হয়েছে, সাধারণ শিক্ষকের সংখ্যা অনেক বেশি, তাই সরাসরি পদোন্নতি দেওয়া সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যেন তারা ১১তম গ্রেডে উন্নীত হতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী সরকারের উদ্দেশ্য হলো ৮০ শতাংশ পদোন্নতি প্রদান করা, বাকি ২০ শতাংশ নতুন নিয়োগের জন্য রাখা হয়েছে।
এর আগে সকালে সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক ও সহশিক্ষা বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
এদিকে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের দাবির বাস্তবায়নের জন্য আন্দোলন চালাচ্ছেন। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা শুক্রবার রাত থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করতে শুরু করেন। আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার তারা ‘কলম বিসর্জন’ কর্মসূচি ঘোষণা করেছেন।