জাতীয়
‘অনশনের ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’- তারেকের উদ্দেশে ইসি সচিব
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে দীর্ঘ সময় ধরে আমরণ অনশন পালন করছেন আম জনতার দল-এর সদস্যসচিব তারেক রহমান। তবে এই অনশন যত দীর্ঘই হোক না কেন, নির্বাচন কমিশনের কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই। আপনি বলুন, নির্বাচন কমিশন কি নিয়মের বাইরে যেতে পারে? সো... ইউ গট মাই আনসার।”
এর আগে গত ৪ নভেম্বর দল নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে আম জনতার দল বাদ পড়ে। ওই দিন বিকেল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে অনশনে বসেন তারেক রহমান।
শনিবার বিকেলে সেখানে দেখা যায়, স্যালাইন হাতে ক্লান্ত ও দুর্বল অবস্থায় শুয়ে আছেন তিনি। কণ্ঠস্বর ক্ষীণ, তবুও সিদ্ধান্তে অনড়। ধীরে ধীরে বলেন, “অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কিভাবে হলো? এটা আমি মানতে পারছি না।”
ইসি থেকে কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, “কেউ যোগাযোগ করেনি। বৃহস্পতিবার একজন উপসচিব এসেছিলেন, এরপর আর কেউ আসেননি, কোনো চিঠিও পাইনি।”
তিনি আরও জানান, শারীরিক অবস্থা ভালো নয়, শরীরে ব্যথা করছে, তবুও অনশন চালিয়ে যেতে চান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন তিনটি রাজনৈতিক দলকে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধনের প্রাথমিক অনুমোদন দেয়। এরপর প্রকাশ করা হবে গণবিজ্ঞপ্তি, যাতে দাবি ও আপত্তি জানানো যাবে। সেই তালিকা থেকে বাদ পড়েই শুরু হয় তারেক রহমানের এই অনশন, যা রবিবার পর্যন্ত ১২৩ ঘণ্টা পেরিয়েছে।