জাতীয়

জুলাই হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

জুলাই হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে নিহত ভারগো গার্মেন্টসের এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

এর আগে ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৩–এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারায় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে শেখ বশিরউদ্দীনের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকে মামলার দায়মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়।

গত বছরের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিবিদ্ধ হন সোহান শাহ। দীর্ঘ চিকিৎসার পর ২৮ আগস্ট তিনি মারা যান। পরে ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে রামপুরা থানা এটি এজাহার হিসেবে গ্রহণ করে। মামলায় শেখ বশিরউদ্দীনকে ৪৯ নম্বর আসামি করা হয়েছিল।