জাতীয়

চিহ্নিত সন্ত্রাসীদের আরও নজরদারির আওতায় আনা হবে: ইসি সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

চিহ্নিত সন্ত্রাসীদের আরও নজরদারির আওতায় আনা হবে: ইসি সচিব
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সার্বিক নিরাপত্তা জোরদার করতে চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের আরও কড়া নজরদারির আওতায় আনার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের জন্য সাইবার সিকিউরিটি মনিটরিং সেল গঠন করা হবে। এ সেলের মাধ্যমে ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার, গুজব ছড়ানো বা নির্বাচন-বিরোধী কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হবে।

ইসি সচিব জানান, ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিন ভাগে মোতায়েন থাকবে—
১) কেন্দ্রভিত্তিক মোতায়েন,
২) মোবাইল টিম,
৩) সেন্ট্রাল রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স।

সাইবার সুরক্ষার জন্য এনটিএমসি’র অ্যাপ ব্যবহার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

আখতার আহমেদ বলেন, “নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এটাই আমাদের চূড়ান্ত বৈঠক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিকনির্দেশনা দেবে, আর আমরা এখান থেকে সার্বিক মনিটরিং করব।”

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার এবং সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।