জাতীয়
'তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনো কোনো তথ্য পায়নি সরকার'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, লন্ডনে অবস্থানরত তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি আবেদন করলেই সরকার প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত ইস্যু করবে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের পরিবার বা বিএনপির পক্ষ থেকেও তাঁর দেশে ফেরার বিষয়ে এখনো সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার শারীরিক অবনতি এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ছেলের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও সরকার কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে সরকার তাঁর বিদেশযাত্রার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে গত ৩০ নভেম্বরও তিনি জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার এক দিনের মধ্যেই ‘ওয়ান-টাইম ট্রাভেল পাস’ প্রদান করতে সক্ষম। তাঁর ভাষায়, “আজ জানালে কালই আমরা পাস দিতে পারব, আর পরশুদিনই তিনি দেশে ফেরার ফ্লাইটে উঠতে পারবেন।”
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাভোগ করেন তারেক রহমান। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান এবং একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
সরকারের মতে, তাঁর দেশে ফেরা পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত, আর এ বিষয়ে যে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পেলেই সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।