জাতীয়

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকার কোনোভাবেই ব্যর্থ নয়। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান ইতোমধ্যেই চালু রয়েছে এবং এ বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই এ আইন প্রণয়ন করা হয়েছে। বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তারা তা সরকারকে জানাতে পারে। তবে বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অনুষ্ঠানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান। বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে ২২ ভলান্টিয়ারকে সম্মাননা প্রদান করা হয়। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেকোনো দুর্যোগে ভলান্টিয়াররা যেন ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করতে পারে— সে প্রত্যাশা থেকেই এই উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জায়েদ কামালসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।