জাতীয়

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে তারেক রহমানের বৈঠক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে তারেক রহমানের বৈঠক
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গা। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্বের নতুন ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়ন অগ্রাধিকারকে সামনে রেখে বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারত্ব আরও কার্যকর করা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। তাঁর সফরসূচিতে জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সৌজন্য সাক্ষাৎ রয়েছে। এর অংশ হিসেবেই বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তাঁর নিউইয়র্ক সফরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক ইস্যু গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সফরসূচিতে উল্লেখ রয়েছে।