জাতীয়
বাংলাদেশের পুলিশকে আরও দক্ষ করতে সহযোগিতার আগ্রহ রাশিয়ার
বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ান ফেডারেশন। বিশেষ করে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, সাইবার নিরাপত্তা এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় দেশটি।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এ সময় তিনি বাংলাদেশের পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে রুশ রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমেও সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান তিনি।
রুশ রাষ্ট্রদূতের সহযোগিতার আগ্রহকে স্বাগত জানিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত মতবিনিময়, অভিজ্ঞতা ও তথ্য বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে উত্তম চর্চা (বেস্ট প্র্যাকটিস) ভাগাভাগির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ পুলিশের সক্ষমতা আরও বাড়াতে সাইবার নিরাপত্তা, আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা কামনা করেন আইজিপি। একই সঙ্গে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ তৈরিতে রাশিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সাক্ষাতে দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে ভবিষ্যতে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি পেলে সাইবার নিরাপত্তা, কূটনৈতিক নিরাপত্তা, প্রশিক্ষণ ও আধুনিক পুলিশিং ব্যবস্থায় দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বাড়তে পারে।