জাতীয়

বিদেশে পালানোর আশঙ্কা, নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

বিদেশে পালানোর আশঙ্কা, নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির একটি মামলার তদন্ত চলাকালে তিনি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন-দুর্নীতি দমন কমিশনের (দুদক) এমন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেওয়া হয়।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের প্রসিকিউটর মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে তার বিদেশযাত্রা বন্ধের আবেদন করেন।

দুদক জানায়, ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে নির্ধারিত সময় পার হওয়ার পরও কমিশনের নির্ধারিত ছকে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগ রয়েছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ওই সম্পদ নিজ দখলে রাখার অভিযোগও আনা হয়েছে। এ অভিযোগটি দুদক আইনের ২৭(১) ধারার আওতাভুক্ত বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালে বিশ্বস্ত সূত্রে ইমা ক্লেয়ার বার্টনের গোপনে দেশত্যাগের চেষ্টার তথ্য পাওয়া গেছে। তিনি দেশত্যাগ করে বিদেশে চলে গেলে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথি ও রেকর্ড সংগ্রহে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে দুদক। একই সঙ্গে এতে চলমান তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও আদালতকে জানানো হয়।

এ কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

এর আগে ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। ২০২৫ সালের ৪ জুন তার বিরুদ্ধে মামলা করা হয় বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে দুদকের প্রসিকিউটর জানিয়েছেন।