জাতীয়
জাতিসংঘে ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথক সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্ট নেতারা।
আলোচনায় দুই দেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার সম্ভাবনাও গুরুত্ব পায়। বিশেষ করে পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে চলমান সহযোগিতাকে আরও কার্যকর ও বহুমুখী করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ধারাবাহিক দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হিসেবেই এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া বিশ্বনেতাদের সম্মানে স্বাগত প্রাতরাশে অংশ নেন তারেক রহমান। পরে তিনি ৮১তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনেও যোগ দেন।
চলমান অধিবেশনের ফাঁকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকের মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সমন্বয় জোরদারের সুযোগ তৈরি হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ হবে।