জাতীয়

ওসমান হাদির অবস্থা গুরুতর, চলে গেছেন কোমায়: চিকিৎসক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

ওসমান হাদির অবস্থা গুরুতর, চলে গেছেন কোমায়: চিকিৎসক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সশস্ত্র হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কোমায় রয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ। তিনি বলেন, “শরিফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত গুরুতর। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি এখন কোমায় আছেন।”

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজীও বিষয়টি নিশ্চিত করে জানান, আহত হাদিকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে হাসপাতালে আনা হয়েছে; বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”