জাতীয়

হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্কের ফোলা ও হৃদস্পন্দন বেড়েছে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্কের ফোলা ও হৃদস্পন্দন বেড়েছে
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড জানিয়েছে, সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের চেয়ে বেড়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে 'অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি'। একইসঙ্গে তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জিক্যাল অপারেশন সম্পন্ন হওয়ার পর ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ১৪ ডিসেম্বর চিকিৎসার দ্বিতীয় দিনে তার শারীরিক অবস্থা পুনরায় মূল্যায়ন করা হলে মস্তিষ্কে অতিরিক্ত চাপ ও ফোলাজনিত ঝুঁকি স্পষ্ট হয়ে ওঠে।

মেডিকেল বোর্ড জানায়, ব্রেন স্টেমে আঘাত এবং বাড়তি সেরিব্রাল ইডেমার কারণে তার রক্তচাপ ওঠানামা করছে এবং হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। তবে রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ফুসফুসের কার্যকারিতা ও ভেন্টিলেটর সাপোর্ট বর্তমানে স্থিতিশীল রয়েছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো উন্নতি বা অবনতি হয়নি। চেস্ট ড্রেইন টিউব সচল রয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।