জাতীয়

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
ছবি: সংগৃহীত

মিয়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. শামস আখতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান। এছাড়া পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং মিয়ানমারে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লে. কর্নেল মো. শামস আখতার ই-পাসপোর্ট প্রকল্পের প্রযুক্তিগত দিক এবং এর সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ই-পাসপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন এবং নিরাপদ ভ্রমণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের সক্রিয় ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, ই-পাসপোর্ট চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য আধুনিক, নিরাপদ ও কার্যকর সেবা নিশ্চিত হয়েছে। এতে ইমিগ্রেশন ও পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ ও নিরাপদ হবে। তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ বিতরণ করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা দূতাবাসে স্থাপিত ই-পাসপোর্ট সিস্টেম পরিদর্শন করেন।