জাতীয়

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পিএম

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী
ওসমান হাদি (বামে) এবং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোনে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বুধবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এদিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখতে যান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করে হাদির চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসকদের মতে শরিফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। এ অবস্থায় প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল থেকে গুলি করা হয় শরিফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।