জাতীয়
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে উত্তাপ ছড়াচ্ছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে সংগঠনটি এবার আরও কঠোর অবস্থান নিয়েছে এবং ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হাদি হত্যার প্রকৃত আসামিদের শনাক্ত করে পূর্ণাঙ্গ চার্জশিট দেওয়া না হলে দেশব্যাপী একদফা সরকার পতনের আন্দোলন শুরু হবে।
জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শাহবাগে এসে সমাবেশে পরিণত হয়। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে শাহবাগ এলাকা জনসমুদ্রে রূপ নেয়। ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘আপস নয়, আন্দোলন’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভ চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনকারীরা সচেষ্ট ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, শরিফ ওসমান হাদিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার ভাষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থানের কারণেই হাদি লক্ষ্যবস্তুতে পরিণত হন। ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ব্যর্থতা সরকারের সদিচ্ছার অভাবকে প্রকাশ করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ৭ জানুয়ারি পর্যন্ত শুধু একজনকে দায়ী করে চার্জশিট দিলে তা মেনে নেওয়া হবে না। ইনকিলাব মঞ্চ প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে আপসহীন থাকবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো গোপন সমঝোতা চলতে দেওয়া হবে না এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
সমাবেশ শেষে আন্দোলনকারীরা জানান, এটি কেবল শুরু। হাদির আদর্শকে সামনে রেখে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না।