জাতীয়
২০২৫ সালে সড়কে ঝরল ৯ হাজার ১১১ প্রাণ, দুর্ঘটনা ৬ হাজার ৭২৯টি
সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে ভয়াবহ আকার ধারণ করেছে সড়ক দুর্ঘটনা। এই এক বছরে সারাদেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ হাজার ১১১ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ হাজার ৮১২ জন।
রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির তথ্যমতে, সড়কের পাশাপাশি রেল ও নৌপথেও দুর্ঘটনার হার উদ্বেগজনক ছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালে রেলপথে সংঘটিত ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। একই সময়ে নৌপথের বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৮ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা কমাতে কার্যকর ও টেকসই পদক্ষেপ জরুরি। ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনায় ক্ষতিপূরণ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে শুধু পরিবহন মালিক ও শ্রমিকদের নয়, দুর্ঘটনার শিকার ভুক্তভোগীদের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, নির্বাচনী ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ও যাত্রী সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তা না হলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এই মর্মান্তিক চিত্র থেকে দেশকে বের করে আনা কঠিন হবে বলে মনে করেন সংগঠনের নেতারা।