জাতীয়

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত করে ইসির পরিপত্র জারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন স্থগিত করে ইসির পরিপত্র জারি
ছবি: সংগৃহীত

নির্বাচনী এলাকার সীমানা নিয়ে চলমান আইনি জটিলতার কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (১০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা স্মারকে জানানো হয়, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২)-এর সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলায় আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মারকে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই আসনে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত থাকবে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়। তবে এই পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় দুই বাসিন্দা হাইকোর্টে রিট করেন।

চূড়ান্ত শুনানি শেষে গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট ইসির গেজেটের একটি অংশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করে এবং পাবনার দুটি আসন আগের অবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে সংশোধিত গেজেট প্রকাশের নির্দেশ দেন। পরে ২৪ ডিসেম্বর সেই নির্দেশনা অনুযায়ী সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন।

এরপর পাবনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান (নাজিব মোমেন) ও নির্বাচন কমিশন পৃথকভাবে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। এসব আবেদনের শুনানি শেষে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ ইসির সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আদেশে বলা হয়, লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ফলে ৪ সেপ্টেম্বর প্রকাশিত ইসির মূল গেজেট কার্যকর থাকে।

এই পরিস্থিতিতে সীমানা সংক্রান্ত চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে দেশের বাকি ২৯৮টি আসনে নির্বাচন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।