জাতীয়
ফ্রিল্যান্সারদের বিনামূল্যে আইডি কার্ড দেবে সরকার, থাকছে যেসব সুবিধা
দেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও সংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘ন্যাশনাল ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন অ্যান্ড আইডি কার্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম’, যার মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা বিনামূল্যে সরকারি আইডি কার্ড পাবেন।
সরকারি তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মে নিবন্ধনের মাধ্যমে ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, বিভিন্ন আর্থিক প্রণোদনা এবং সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে সহজে যুক্ত হতে পারবেন।
পাশাপাশি এটি একটি জাতীয় তথ্যভান্ডার হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ক্ষেত্রসংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। এসব তথ্য ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, আইডি কার্ডটি হবে সম্পূর্ণ ডিজিটাল, কোনো প্লাস্টিক কার্ড দেওয়া হবে না। তিনি বলেন, “এই আইডি কার্ড ফ্রিল্যান্সাররা বিনামূল্যে পাবেন। প্ল্যাটফর্মটির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন আইসিটি বিভাগের প্রকৌশলীরা।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সংযোগ স্থাপন করা হবে, যাতে ফ্রিল্যান্সাররা আরও বিস্তৃত সেবা ও সুযোগ-সুবিধার আওতায় আসতে পারেন।