জাতীয়

নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম

নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখরভাবে আয়োজনের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, দেশের ৬১টি জেলায় বিজিবির মোট ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে, যাতে কেউ নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে না পারে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বিজিবির ইতিহাসে এবারই এক ব্যাচে সর্বোচ্চসংখ্যক নবীন সৈনিক যুক্ত হয়েছেন। ১০৪তম রিক্রুট ব্যাচে মোট ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাহিনীতে যোগ দিয়েছেন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯৫০ জন এবং নারী ৭৩ জন।

এর আগে সমাপনী কুচকাওয়াজের প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিজিবি মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, নবীন সৈনিকদের পরিবার-পরিজনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।